মাঠে জোড়া গোলে সান্তোসকে হার থেকে বাঁচালেও, ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলিয়ান তারকা নেইমার—তবে এবার পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমের উত্তপ্ত বিতর্কের কারণে।
ব্রাজিলিয়ান লিগে শাপকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচের বিরতিতে কয়েকজন সতীর্থের সঙ্গে তীব্র বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, তরুণ ফুটবলার গ্যাব্রিয়েল বনতেম্পো ও জোয়াও অ্যানানিয়াসের সঙ্গে তার এই বিরোধ হয়। ক্লাবের ধারণা, এই উত্তেজনার প্রভাব দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সেও পড়েছিল।
বিশ্বকাপ থেকে ফেরার পর এটিই ছিল নেইমারের প্রথম ম্যাচ। দুই গোল করে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান ৩৪ বছর বয়সী এই তারকা। তবে ম্যাচে হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
এদিকে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বিরতির সময় বনতেম্পোকে লক্ষ্য করে কড়া মন্তব্য করেছিলেন নেইমার। যদিও বনতেম্পো ও অ্যানানিয়াস দুজনই স্বীকার করেছেন যে তর্ক হয়েছিল, তবে ব্যক্তিগত কটূক্তির অভিযোগ তারা অস্বীকার করেছেন।
ঘটনার পর দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুরো ঘটনার সত্যতা যাচাই এবং ড্রেসিংরুমের পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সান্তোস ক্লাব।

ডেস্ক রিপোর্ট 
























