এবার চট্টগ্রামে ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। তার নাম শামসুল হাই আলম নাম। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের সাগরিকা রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগরিকা স্টেডিয়াম রেলগেটে কনটেইনারবাহী ট্রেনটি পার হচ্ছিল। এ সময় ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয় একটি চালবাহী ট্রাক। এতে ঘটনাস্থলে থাকা শামসুল আলম নামের এক ব্যক্তি চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। আর ট্রাকের ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ও একটি কন্টেইনার লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ট্রেনটিতে থাকা পণ্যবাহী কন্টেইনার সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় রেল সংশ্লিষ্ট কারও কোনো গাফিলতি ছিল কনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে রেল যোগাযোগ চালু করতে কাজ চলছে।

ডেস্ক রিপোর্ট 



















