চট্টগ্রামের পটিয়ায় রাতের অন্ধকারে মোটরসাইকেলে এসে হেলমেট পরা দুই যুবক উপজেলা বিএনপি কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগান লিখে দ্রুত পালিয়ে যায়। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কলেজ গেট এলাকায় বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—দুই যুবক দ্রুতগতিতে এসে দেয়ালে লেখার পর মুহূর্তের মধ্যেই স্থান ত্যাগ করে। দুইজনের মুখ হেলমেটে ঢাকা থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, রাজনৈতিক উসকানি তৈরির উদ্দেশ্যে এ ধরনের কাজ করা হয়েছে।
এ বিষয়ে পটিয়া পৌরসভা যুবদল নেতা হাবিবুর রহমান রিপন জানান, হেলমেট পরিহিত ওই দুই যুবক বিএনপি কার্যালয়ের সিঁড়ির দেয়ালের পাশাপাশি কয়েকজন নেতার বাসার দেয়ালেও একই স্লোগান লিখেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

