রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালামের মৃত্যুতে তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা দায়রা জজ আদালতের আইনজীবী এনামুল হক নবীন ডাকযোগে সেতু মন্ত্রণালয়ের সচিব বা সিনিয়র সচিব এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) এই নোটিশ পাঠান।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত রোববার (২৬ অক্টোবর) ফার্মগেটে পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে নিহত হন আবুল কালাম। পরদিন তার মরদেহ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী গ্রামে দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, দুর্ঘটনার পর সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা ও একটি চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল।
এদিকে মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে করা রিটের আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকির জন্য উচ্চক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের পাশাপাশি দেশের সব ফ্লাইওভারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়েছে।

