আগামী গ্রীষ্মের আগেই দেশে অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। এর ফলে আগামী গ্রীষ্মের আগেই দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মতো দেশেও এর প্রভাব পড়েছে। তাই বাংলাদেশে সরকার কতদিন বাজারের সঙ্গে সমন্বয় না করে থাকতে পারে—সেটিও বিবেচনার বিষয়। তবে জনগণের কথা মাথায় রেখে সরকার দাম সমন্বয় করছে বলেও জানান তিনি।
এ সময় নিজেদের পাশাপাশি শিশুদেরও সম্পদের পরিমিত ব্যবহার শেখানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।
নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, দলীয় বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রথমে সাংগঠনিক এবং পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

ডেস্ক রিপোর্ট 























