নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর ৯৭ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধার হওয়া ওই নারীর নাম গুনা মায়া বোহারা। বন্যার পানির স্রোতে তার বৃদ্ধনিবাসটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সেখানেই আটকা পড়েন তিনি।
খবর পেয়ে কাঠমান্ডু থেকে ছুটে যান তার প্রপৌত্র দীপক বোহারা। প্রায় চার ঘণ্টার অভিযানের পর খননযন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে গুনা মায়াকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকারীরা।
বিবিসি নেপালিকে দীপক বলেন, প্রিয়জনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনার পর তাকে দেখে মনে হচ্ছিল, যেন যুদ্ধে জয়ী হয়ে ফেরা এক ‘যোদ্ধা’।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন গুনা মায়া। চিকিৎসকেরা জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে নেপাল ও প্রতিবেশী তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। বুধবার হিমালয় সীমান্তবর্তী অঞ্চলের উপত্যকাগুলোতে হঠাৎ বিপুল পরিমাণ পানি, বরফ, পাথর ও ধ্বংসাবশেষের স্রোত নেমে আসে। এতে ঘরবাড়ি, সড়ক ও সেতুর ব্যাপক ক্ষতি হয়।
বিজ্ঞানী ও স্থানীয় কর্মকর্তাদের ধারণা, হিমবাহ বা বিপুল পরিমাণ বরফ-পাথরের স্তর ধসে পড়ার কারণে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। তবে দুর্যোগের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগে শত শত মানুষ নিহত হয়েছেন। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংস হয়ে যাওয়া সড়ক, অস্থিতিশীল ভূমি ও নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে।
এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই প্রায় চার ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে থাকার পর ৯৭ বছর বয়সী গুনা মায়া বোহারা জীবিত উদ্ধার হওয়া যেন দুর্যোগের মাঝে এক বিরল আশার বার্তা হয়ে উঠেছে।

ডেস্ক রিপোর্ট 



















