জুলাই আন্দোলনের রক্তাক্ত স্মৃতি বয়ে বেড়ানো সেই জাতীয় পতাকা এবার তুলে দেওয়া হলো প্রধানমন্ত্রীর হাতে। গুরুতর আহত অবস্থায় মাথার রক্তক্ষরণ থামাতে যে পতাকা মাথায় বেঁধেছিলেন, সেটিই প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন জুলাই আন্দোলনে আহত শেখ আজিজুর রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আজিজুর। মাথায় গুলির ক্ষত এবং শরীরে ৩৬টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন বহন করা এই তরুণ নিজের জীবনের সংগ্রাম, চিকিৎসা, পড়াশোনা এবং সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে সব কথা শোনেন এবং তার খোঁজখবর নেন।
সাক্ষাৎ শেষে আবেগাপ্লুত আজিজুর বলেন, রক্তমাখা জাতীয় পতাকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার ইচ্ছা আজ পূরণ হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর ২০২৪ সালের জুলাই আন্দোলনে মিরপুর-১০ এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। আহত অবস্থায় জাতীয় পতাকা মাথায় বেঁধেই আন্দোলনে অংশ নেন। পরে গ্রেপ্তার ও রিমান্ডের মুখোমুখি হলেও, তার দাবি—দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও এখনো তিনি জুলাই যোদ্ধার স্বীকৃতি পাননি। বর্তমানে সংসার ও পড়াশোনার খরচ চালাতে সিএনজি চালিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

ডেস্ক রিপোর্ট 



















