ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন। রোববার (২ নভেম্বর) এই লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আন্দোলনের ১৮তম দিনে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত লাগাতার অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন শিক্ষকরা।
শিক্ষক নেতারা বলেন, দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা দেওয়ার ৯ মাস পার হলেও বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি। বৃহস্পতিবার বিকেলের মধ্যে জাতীয়করণের গেজেট প্রকাশ না করায় তারা এই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) সচিবালয় অভিমুখে যাত্রাকালে পুলিশ আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। এতে বহু শিক্ষক আহত হন। আহতদের চিকিৎসা ও দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম।
তিনি আরও জানান, সরকার যদি দ্রুত দাবি বাস্তবায়ন না করে, তবে শিক্ষকরা আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিতে বাধ্য হবেন।

