আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় কমিশনার এ নির্দেশনা দেন। সভায় ডিএমপির সব অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, “ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।”
বেআইনি সমাবেশ মোকাবেলায় সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “জনগণের সঙ্গে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি করে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।”
সভায় ডিএমপি কমিশনার ঘোষণা দেন, দায়িত্ব পালনকালে কোনো সদস্য আহত হলে তার চিকিৎসার সব ব্যয়ভার ডিএমপি বহন করবে। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক যত্ন নেওয়ার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের সুবিধার্থে ডিউটি অফিসারের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। অন্যদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম জানান, অনেক থানা, ফাঁড়ি ও কোর্টের মালখানা মেরামত করে বসবাসযোগ্য করা হচ্ছে।
গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ৮৫০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

