২৪ বছর পর আবারও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে ফিরছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের আসরে প্রথমবারের মতো যৌথ আয়োজক হিসেবে থাকছে নামিবিয়াও। টুর্নামেন্টকে সামনে রেখে ১২টি আয়োজক শহরের নাম চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল—আইসিসি।
মোট ৫৪টি ম্যাচের বেশির ভাগই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। এগুলো হলো জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেরা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন। আর ফাইনাল আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছে ওয়ান্ডারার্স ও নিউল্যান্ডসকে।
জিম্বাবুয়েতে ম্যাচ হবে হারারে, বুলাওয়ে ও নতুন সংযোজন ভিক্টোরিয়া ফলসে। অন্যদিকে নামিবিয়ার রাজধানী উইন্ডহকেও অনুষ্ঠিত হবে অন্তত তিনটি ম্যাচ। ভিক্টোরিয়া ফলসের ১০ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়ামের নির্মাণকাজ চলতি বছরের শেষ নাগাদ শেষ হওয়ার আশা করা হচ্ছে।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুম। এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের কিছু ম্যাচও এই দুটি শহরে অনুষ্ঠিত হতে পারে।
প্রাথমিক সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল। আর এবারই প্রথম সিনিয়র পর্যায়ে কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে নামিবিয়া।

ডেস্ক রিপোর্ট 

























