এবার ভারতের রাজধানী দিল্লির ভয়াবহ ‘নির্ভয়া‘ কাণ্ডের নির্মম স্মৃতি ফিরিয়ে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় এক চলন্ত বাসে ১৬ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত বাসচালক কুলদীপ (৩৯) ও কন্ডাক্টর সন্দীপ (২৬)-কে উত্তর দিল্লির তিমারপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট রাতে মায়ের বকুনি খেয়ে ওই কিশোরী না জানিয়ে মইনপুরী থেকে নয়ডায় এক আত্মীয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে মুষলধারে বৃষ্টির মধ্যে নয়ডার পরি চকে একা দাঁড়িয়ে থাকার সময় একটি খালি স্লিপার বাস সেখানে এসে থামে। বাসের কন্ডাক্টর নয়ডা সেক্টর ৬৩–তে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে সরল বিশ্বাসে বাসে উঠে পড়ে কিশোরীটি।
অভিযোগ অনুযায়ী, বাসটি চলতে শুরু করতেই বাসের পর্দা ঢাকা স্লিপার বার্থের সুযোগ নিয়ে চালক ও কন্ডাক্টর তার ওপর নির্মম যৌন নির্যাতন চালায়। বাধা দিলে তাকে হত্যার হুমকিও দেয়া হয়। এরপর প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে অভিযুক্তরা নির্যাতিতাকে দিল্লির কাশ্মীর গেট রিং রোডের নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধানে নামে এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করে। ‘বিশ্বনাথ ট্রাভেলস‘ নামক সংস্থায় কর্মরত এই দুই অভিযুক্তের ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থল ও বাসের ভেতর থেকে নির্যাতিতার চুলের গোছাসহ একাধিক আলামত উদ্ধার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডেস্ক রিপোর্ট 




















