র্যাব-৯ এর হেফাজতে থাকা নওগাঁ জেলার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরী আত্মহত্যা করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
র্যাব জানায়, হেফাজতে থাকার সময় তানভীরকে গায়ে জড়ানোর জন্য একটি কম্বল দেয়া হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি সেই কম্বল ভেন্টিলেটরের সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহ ঝুলন্ত অবস্থায় নামিয়ে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সোমবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

নিজস্ব প্রতিবেদক 
























