প্রথম স্বামী হারুন অর রশীদ অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রায় পাঁচ বছর পর ফের বিয়ে করলেন আলোচিত অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। শুক্রবার বাদ আসর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
ফারিয়া নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিয়ে নিয়ে তার বরাবরের আতঙ্ক ও দ্বিধার কথা উল্লেখ করে তিনি বলেন, বিবাহবিষয়ক জটিল অভিজ্ঞতার কারণে মনে করেছিলেন জীবনে আর হয়তো এ অধ্যায় আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে তিনি দ্বিতীয়বারের মতো পরিণয়ে আবদ্ধ হয়েছেন।
অভিনেত্রী জানান, তার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর শেষ করেছেন তিনি। বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
হঠাৎ বিয়ের কারণে ফারিয়ার একমাত্র ননদ উপস্থিত থাকতে পারেননি, কারণ তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তবে শিগগিরই সহকর্মী, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে একটি সংবর্ধনার আয়োজন করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
এদিকে শবনম ফারিয়ার সাবেক স্বামী হারুন অর রশীদ অপুও ডিভোর্সের প্রায় দুই বছর পর দ্বিতীয়বার বিয়ে করেছেন। তার নতুন স্ত্রীর নাম নওরিন আহমেদ, তিনি তরুণ উপস্থাপিকা ও মডেল।

ডেস্ক রিপোর্ট 

























