গাইবান্ধায় চলন্ত ট্রেনের হুকে ঝুলে থাকা অবস্থায় এক নারীকে জীবিত উদ্ধার করেছেন ট্রেন চালক ও সহকারী চালক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর ঢাকাগামী লালমনি এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।
সহকারী চালক শরিফুল ইসলাম জানান, স্টেশন ছাড়ার পর হঠাৎ ট্রেনের সামনে ওই নারী লাফিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ধাক্কার শব্দ শুনতে পান তিনি। কয়েক মিনিট পর সামনে তাকিয়ে দেখেন ইঞ্জিনের হুকে ঝুলে আছেন নারীটি। তাৎক্ষণিকভাবে চালক লিটন মিয়া ও সহকারী শরিফুল ইসলাম ট্রেন থামানোর সিদ্ধান্ত নেন। ফাঁকা জায়গায় ট্রেন থামিয়ে স্থানীয়দের সহায়তায় অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
শরিফুল ইসলাম আরও জানান, সাধারণত ট্রেন দুর্ঘটনায় হালকা ঝাঁকুনি ও শব্দ হয়, তবে এবার কিছুই না হওয়ায় সন্দেহ হলে সামনে তাকিয়ে বিষয়টি নজরে আসে। দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতার কারণে প্রাণে বেঁচে যান ওই নারী।
উদ্ধারের পর পরিবার তাকে বাসায় নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তার পরিচয় জানা না গেলেও বয়স আনুমানিক ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। বিকেলে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

ডেস্ক রিপোর্ট 



















