ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল আওয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।
র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. নূরন্নবী জানান, শনিবার (২৫ এপ্রিল) রাতে র্যাব-৯ ও র্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর শেরে বাংলা নগর থেকে আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়। তিনি কসবার দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি।
দ্বীন ইসলাম কসবার শিমরাইল গ্রামের মধ্যপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন। দ্বীন ইসলাম তার পরিচালিত অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
স্থানীয়ভাবে কিছু ব্যক্তির সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তাজনিত কারণে তিনি কিছুদিন কুমিল্লা শহরে বসবাস করছিলেন এবং ঈদুল ফিতর উপলক্ষে বাড়িতে এসেছিলেন। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মেরে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায়।
পরে বাঙ্গরা থানা-পুলিশ তাকে উদ্ধার করে কসবা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের সহায়তায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীন ইসলামকে মৃত ঘোষণা করেন।

ডেস্ক রিপোর্ট 


















