সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ১৮ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৬ মে) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ৪৮ বিজিবির অধীনস্থ সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক এবং পান্থুমাই বিওপির (বর্ডার আউটপোস্ট) টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ ও গরু জব্দ করতে সক্ষম হন। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ চা-পাতাও জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে দেশের নিরাপত্তা রক্ষা, সব ধরনের চোরাচালান বন্ধ এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অত্যন্ত সফলতার সাথে সীমান্তবর্তী এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















