জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। প্রশাসনের গাফিলতির কারণে অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র সংসদের নেতারা।
শনিবার (১৬ মে) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাকসু নেতারা। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ ও অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি পেশ করা হয়।
দাবিগুলো হলো দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তৎপর ভূমিকা রাখা, অপরাধী গ্রেপ্তারে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা, তদন্ত ও ফুটেজ শনাক্তকরণে প্রশাসনিক গাফিলতির বিষয়ে রেজিস্ট্রার, নিরাপত্তা দপ্তর ও প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দায় নির্ধারণ করা, এ ঘটনাকে কেন্দ্র করে কোনও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা ও বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে প্রশাসনের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা।
উপাচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে জাকসুর পক্ষ থেকে জানানো হয়, গত ১২ মে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলতুন্নেসা হল সংলগ্ন এলাকায় সংঘটিত ঘটনা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।
ঘটনার সময় জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শিক্ষার্থীকে উদ্ধার এবং তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেন। পরে জাকসুর প্রতিনিধি, নিরাপত্তা কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহায়তায় ভুক্তভোগীকে চিকিৎসাকেন্দ্রে নেয়া হয় এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
সিসিটিভি ফুটেজ শনাক্তকরণ ও তদন্ত কার্যক্রমে ‘সমন্বয়হীনতা, জটিলতা ও অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা’ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেছে জাকসু। তাদের ভাষ্য, এসব কারণে সুষ্ঠু তদন্ত কার্যক্রম ব্যাহত হয়েছে।
এছাড়া যাচাইবিহীন এআই-নির্ভর ছবি প্রচারের কারণে প্রকৃত অপরাধী শনাক্তকরণ প্রক্রিয়াও বিভ্রান্তির মুখে পড়েছে বলে উল্লেখ করা হয়। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে এর আগেও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছিল।

ডেস্ক রিপোর্ট 


















