জাহিদ শিকদার,পটুয়াখালী প্রতিনিধি: বরিশালের রূপাতলীতে সাকুরা পরিবহনের একটি বেপরোয়া বাসের চাপায় মো. শাহিন মৃধা (৩০) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত শাহিন পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মাওলা মৃধার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বরিশালের রূপাতলী নামক স্থানে সড়কের পাশে একটি দোকানে চা খাচ্ছিলেন শাহিন। এ সময় সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাস বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সরাসরি চাপা দেয়। বাসের প্রচণ্ড ধাক্কায় ও পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়। ব্যক্তিজীবনে শাহিন এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। অত্যন্ত নম্র, ভদ্র ও সদালাপী স্বভাবের কারণে নিজ এলাকায় তার ব্যাপক পরিচিতি ও সুনাম ছিল। একজন ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত শাহিনের এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুর খবর সোমবার সকালে তার গ্রামের বাড়ি কাছিপাড়ায় পৌঁছালে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে শাহিনের এই অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ স্থানীয়রা। তারা এই বেপরোয়া চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

ডেস্ক রিপোর্ট 






















