প্রায় ১.৮ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করার দাঁড়প্রান্তে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই তহবিল সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির এক ফেডারেল বিচারক। শুক্রবার (২৯ মে) জারি হওয়া আদেশে বলা হয়, তহবিলটি গঠন বা পরিচালনার জন্য প্রশাসন আপাতত কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে না, যতক্ষণ না আদালতে এ বিষয়ে বিস্তারিত শুনানি শেষ হয়।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তহবিলটির নাম দেয়া হয়েছিল ‘অস্ত্রায়ন বিরোধী তহবিল’। এটি তৈরি করা হয়েছিল এমন ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়ার জন্য, যারা সরকারের রাজনৈতিক ব্যবহার বা অপব্যবহারের শিকার হয়েছেন।
বিচার বিভাগ গত সপ্তাহে জানায়, এই তহবিল গঠন করা হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে অভ্যন্তরীণ রাজস্ব বিভাগে তার কর তথ্য ফাঁসের ঘটনায় করা মামলার সমঝোতার অংশ হিসেবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রায় ১.৭৭৬ বিলিয়ন ডলারের এই তহবিল পাঁচ সদস্যের একটি কমিশনের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা ছিল, যারা রাজনৈতিক প্রতিহিংসা বা ক্ষমতার অপব্যবহারের শিকারদের ক্ষতিপূরণ নির্ধারণ করতেন।
তবে এই উদ্যোগের বিরুদ্ধে মামলা করে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক বা আদর্শগত লক্ষ্যবস্তু ছিলেন এমন একদল ব্যক্তি। তাদের দাবি, তহবিলটি থেকে তারা বঞ্চিত হতে পারেন। এই মামলার পরিপ্রেক্ষিতেই বিচারক লিওনি ব্রিংকেমা তহবিলটির সাময়িক স্থগিতাদেশ দেন।
অস্ত্রায়ন তহবিল নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক তৈরি হয়েছে। রিপাবলিকান দলের কিছু সদস্যও এর সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, এতে এমন কিছু ব্যক্তিকেও সরকারি অর্থ দেয়া হতে পারে যারা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার সঙ্গে জড়িত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 



















