অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা এবং এনসিপি নেতা ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে মুঠোফোনে ব্যাখা চেয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (৩০ মে) কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া এই মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, তিনি ব্যক্তিগতভাবে কোনো অর্থ গ্রহণ করেননি। তার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট অর্থ তার এলাকার উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
পরে বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়ার সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। সেই ফোনালাপের অডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি।
অডিওতে শোনা যায়, ‘১৫ কোটি টাকা খাওয়ার’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, ‘রাজস্ব খাতসহ সব খাত মিলিয়ে আপনার এলাকায় ১০ কোটি টাকা গেছে। আপনারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন। আপনার উপজেলায় ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, আর ওই এলাকায় (আসিফ মাহমুদের এলাকায়) ১৫ কোটি টাকা গেছে।’
তিনি আরও বলেন, ‘আপনি টাকা খেয়েছেন সেটা তো আমি বলিনি। আমি বলেছি, উন্নয়নমূলক কাজের জন্য আপনাদের দুই উপজেলায় মোট ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। হয়তো আমার বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপিত হয়নি।’

ডেস্ক রিপোর্ট 


















