আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ী তৌহিদ আফ্রিদিকে নতুন একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার কারাগার থেকে তাকে আদালতে হাজির করে জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
এর আগে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। ওই মামলায় গত বছরের ২৫ আগস্ট তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে যাত্রাবাড়ী এলাকায় যান আসাদুল হক বাবু। সেদিন দুপুর আড়াইটার দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রায় ২৫ দিন পর, একই বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়।
নতুন মামলায় গ্রেফতার দেখানোর এই আদেশের ফলে তৌহিদ আফ্রিদিকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। তবে সর্বশেষ অভিযোগের বিষয়ে তার আইনজীবীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 



















