ফ্রান্সে এক নারীর করা ধর্ষণ মামলায় ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আশরাফ হাকিমি। তিন বছর আগে দায়ের হওয়া মামলায় তার আপিল খারিজ করে দিয়েছে ফ্রান্সের ভার্সাই আপিল আদালত।
শুক্রবার (১৯ জুন) ফরাসি আদালতের এ সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়। তবে ঠিক কবে থেকে বিচার কার্যক্রম শুরু হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।
ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভার্সাই আপিল আদালত হাকিমির আপিল খারিজ করে দেওয়ায় তাকে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও ভার্সাই আপিল আদালত এবং হাকিমির আইনজীবীরা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিজের বাসভবনে এক ২৪ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে মরক্কোর এই ফুটবলারের বিরুদ্ধে।
অভিযোগের পর একই বছরের মার্চে ফরাসি বিচারব্যবস্থা হাকিমির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ আনে। ফ্রান্সের আইনে এ ধরনের অভিযোগের অর্থ হলো, বিচারকরা অপরাধ সংঘটনের যথেষ্ট সন্দেহ দেখলেও পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিচার শুরুর সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অনুসন্ধানের সুযোগ রাখা।
বিচারের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “এমন একটি গল্প বলা হচ্ছে, যা আমার নয়। আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যকে উপেক্ষা করে এই গল্প প্রচার করা হচ্ছে।”
তিনি আরও লেখেন, “অনেক সময় আমার মনে হয়, আমি যেন খুব সহজ একটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। প্রথম দিন থেকেই আমি এই বিচারের অপেক্ষায় আছি। এখন আমি সেটির জন্য মুখিয়ে আছি। অবশেষে আমি নিজের কথা বলার সুযোগ পাব।”
প্রসঙ্গত, প্যারিস সাঁ-জার্মাঁ এর হয়ে খেলা হাকিমি ২০২২ ফিফা বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ডেস্ক রিপোর্ট 


















