মালয়েশিয়া সফর শেষে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী ড. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতার কথা জানান।
পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ায় যে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তা পেয়েছেন, তাতে তারা গভীরভাবে মুগ্ধ। একই সঙ্গে মালয়েশিয়ার সরকার ও জনগণের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং শুভেচ্ছার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।
তারেক রহমান উল্লেখ করেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর বৈঠক শুধু দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নয়, বরং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, বৃহত্তর সহযোগিতা, সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির লক্ষ্যে উভয় দেশের অভিন্ন অঙ্গীকার বৈঠকে গুরুত্ব পেয়েছে।
প্রধানমন্ত্রী আরও স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সেই ঐতিহাসিক বন্ধন আজও সমানভাবে গুরুত্ব বহন করছে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া মালয়েশিয়ার মহামান্য রাজা Sultan Ibrahim ibni Sultan Iskandar-এর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ায় তাঁর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
পোস্টে তারেক রহমান বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরের পর দুই দেশের বহুমুখী অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 





















