বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার মুসলিমকে নিজের খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ Salman bin Abdulaziz Al Saud। ‘গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস’ কর্মসূচির আওতায় নির্বাচিত মুসল্লিরা এই বিশেষ সুযোগ পাবেন।
সৌদি সংবাদমাধ্যম Saudi Gazette জানিয়েছে, ১৪৪৮ হিজরি বছরের মধ্যে চারটি ধাপে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। এর প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন মুসলিমকে ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানানো হবে।
তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান এবং মঙ্গোলিয়া।
সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রী Abdullatif Al Alsheikh এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাদশাহ সালমান ও যুবরাজ Mohammed bin Salman মুসলিম বিশ্বের সেবা ও কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। এই কর্মসূচিও সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন, এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা সহজ ও সুশৃঙ্খল পরিবেশে ওমরাহ পালন এবং ইসলামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থানসমূহ জিয়ারতের সুযোগ পাবেন।
মুসলিম বিশ্বের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং ধর্মীয় বন্ধন জোরদার করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট 





















