২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সেই ঐতিহাসিক সাফল্যের পর অনেকেই ধারণা করেছিলেন, হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা ভুল প্রমাণ করে এখনও মাঠে নিজের জাদু দেখিয়ে চলেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
২০২৬ বিশ্বকাপে মেসির অংশগ্রহণ নিয়েও দীর্ঘদিন ছিল অনিশ্চয়তা। তবে বিশ্বকাপের ছয় মাস আগে তিনি জানিয়েছিলেন, ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না। বরং ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চান এবং মৌসুম শেষে নিজের শারীরিক অবস্থা ও ফিটনেস মূল্যায়ন করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারও বিশ্বকাপের মঞ্চে দেখা যাচ্ছে মেসিকে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। ইতোমধ্যে পাঁচ গোল করে গড়েছেন নতুন কয়েকটি রেকর্ড এবং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনেও জায়গা করে নিয়েছেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে তিনি বলেন, “যতদিন আমি দলের জন্য অবদান রাখতে পারব, শারীরিকভাবে ভালো থাকব এবং সতীর্থদের সাহায্য করতে পারব, ততদিন খেলা চালিয়ে যেতে চাই।”
তবে ২০৩০ বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে রাজি নন মেসি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানি না। এখনই এটা নিয়ে ভাবছি না। এখনও অনেক সময় বাকি। আমি দিন ধরে এগোচ্ছি এবং বর্তমানের দিকেই মনোযোগ দিচ্ছি।”
মেসির এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, আপাতত অবসর নয়, বরং বর্তমানের পারফরম্যান্স ও দলকে সাফল্য এনে দেওয়ার দিকেই মনোযোগ তার। আর তাই ভক্তরাও এখনও স্বপ্ন দেখছেন, আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে ফুটবলের এই জীবন্ত কিংবদন্তিকে।

ডেস্ক রিপোর্ট 
























