ইরানের আটকে থাকা তহবিলের একটি অংশ ব্যবহার করে দেশটির জন্য যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন ইরানের খাদ্যসংকট মোকাবিলায় সহায়তা করা যাবে, অন্যদিকে মার্কিন কৃষকরাও একটি নতুন বাজার পাবেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ইরান বর্তমানে খাদ্যসংকটে ভুগছে। তাই দেশটির আটকে থাকা অর্থের একটি অংশ ব্যয় করে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন ও ভুট্টা কেনা হবে।
ট্রাম্প বলেন, “আমাদের সামনে একটি নতুন বাজার তৈরি হচ্ছে, আর সেটি হলো চমৎকার একটি দেশ—ইরান।”
তিনি আরও বলেন, “আমরা তাদেরই কিছু টাকা নেব এবং সেটা খরচ করে প্রচুর পরিমাণে গম, সয়াবিন আর ভুট্টা কিনব। এই প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। আর এটা অনেক বড় পরিসরেই হবে।”
মার্কিন প্রেসিডেন্টের দাবি, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ইরানের খাদ্যচাহিদা পূরণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৃষি খাতও উল্লেখযোগ্যভাবে লাভবান হবে।
তবে ইরানের আটকে থাকা তহবিল ব্যবহারের এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ট্রাম্প। এ ছাড়া এ বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 




















