ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর দিন যত গড়াচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে বিপর্যয়ের ভয়াবহতা। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪০০ জনে। আর ৫৫ হাজারেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের খুঁজে বের করতে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকা এবং লা গুয়াইরায় এখনও চলছে ব্যাপক তল্লাশি অভিযান।
স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরাও উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। কয়েকদিন ধরে তারা ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত মানুষ ও মরদেহ উদ্ধার করছেন। তবে পর্যাপ্ত ভারী উদ্ধার সরঞ্জামের অভাব এবং সরকারি সহায়তার সীমিত উপস্থিতি নিয়ে নানা অভিযোগও উঠছে।
পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে। দেশটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে ১ হাজার ৬০০ জনের বেশি উদ্ধারকর্মী ভেনেজুয়েলায় পৌঁছেছেন। আরও কয়েকটি বিশেষায়িত উদ্ধারকারী দল দেশটিতে যাওয়ার পথে রয়েছে।
এদিকে সরকার জানিয়েছে, এখনও শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন। অন্যদিকে বিরোধী পক্ষ-সমর্থিত একটি অনলাইন প্ল্যাটফর্মে ৫৫ হাজারের বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর স্বজনদের খোঁজে হাসপাতাল, আশ্রয়কেন্দ্র ও ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন হাজারো মানুষ, যা দেশটির চলমান মানবিক সংকটকে আরও স্পষ্ট করে তুলছে।

ডেস্ক রিপোর্ট 
























