দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ভয়াবহ রূপ নিয়েছে স্পেনে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গায়ার্দোস এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নিহতদের কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ছিঁড়ে পড়া বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও তদন্ত করছে কর্তৃপক্ষ।
প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপপ্রবাহে শুধু স্পেন নয়, ফ্রান্স ও পর্তুগালের বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী কাজ করছেন। নিরাপত্তার স্বার্থে হাজারো মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় স্পেনের সামরিক জরুরি ইউনিটও উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ অভিযানে যোগ দিয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গ্রীষ্মকালীন দাবানল মোকাবিলায় দেশের ইতিহাসের সবচেয়ে বড় জরুরি প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
তবে তীব্র গরম, শুষ্ক আবহাওয়া এবং দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা এখনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কাও বাড়ছে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডেস্ক রিপোর্ট 





















