বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজধানী বুয়েন্স আইরেস। হতাশা ও ক্ষোভ থেকে রাস্তায় নেমে আসেন একদল সমর্থক। পরিস্থিতি দ্রুতই ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় পৌনে ১২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। কয়েকজন সমর্থক নিরাপত্তা বেষ্টনী ভেঙে একটি স্মৃতিস্তম্ভে উঠে পড়লে পরিস্থিতির অবনতি ঘটে। পরে বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে কাঁচের বোতলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ এবং ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা মাঠের গণ্ডি পেরিয়ে যখন রাজপথে ছড়িয়ে পড়ে, তখন আবারও স্পষ্ট হয়ে ওঠে—ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি মানুষের আবেগেরও নাম।

ডেস্ক রিপোর্ট 





















