২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর হাতাহাতির ঘটনায় ফিফার শৃঙ্খলাভঙ্গের তদন্তের মুখে পড়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। আর ঠিক এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ৩২ বছর বয়সী এই ফুটবলারের দেয়া এক আবেগঘন বার্তার মাধ্যমে জাতীয় দল থেকে তার অবসরের গুঞ্জন শুরু হয়েছে।
ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে এই মিডফিল্ডার ভক্তদের উদ্দেশ্যে লেখেন যে, দেশের মানুষের প্রাপ্য আনন্দটুকু দিতে না পারার বেদনা তার হৃদয়কে ভারাক্রান্ত করেছে। তবে একই সঙ্গে এই দলের অংশ হতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। নিজের সতীর্থদের ধন্যবাদ জানিয়ে পারেদেস বর্তমান দলটিকে ‘আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সেরা জাতীয় দল’ বলে অভিহিত করেছেন।
শিরোপা জিততে না পারার হতাশা প্রকাশ করে পারেদেস লেখেন, ‘ধন্যবাদ, আর্জেন্টিনা। আজ এবং সবসময় তোমাদের ভালোবাসি। যে আনন্দ আমাদের দেশের মানুষের প্রাপ্য ছিল, তা দিতে না পারায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই বার্তা লিখছি। কিন্তু একই সঙ্গে আমার হৃদয় গর্বে পূর্ণ। আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছি এবং আমাদের পতাকাকে আবারও উঁচুতে তুলে ধরেছি।’
সতীর্থদের প্রশংসা করে এই তারকা আরও যোগ করেন, ‘আমার সতীর্থদের অশেষ ধন্যবাদ, যারা প্রতিটি ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত এই জার্সি প্রতিনিধিত্ব করার জন্য সবটুকু দিয়েছেন। আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সেরা জাতীয় দলের অংশ হতে পারাটা আমার জন্য এক পরম সম্মানের বিষয়।’ তার এই বার্তার ধরণ দেখেই আর্জেন্টাইন গণমাধ্যমে তার আন্তর্জাতিক ফুটবল ছাড়ার গুঞ্জন শুরু হয়েছে।
আবেগঘন এই বার্তা শেয়ার করার মাত্র কয়েক ঘণ্টা আগেই অবশ্য ফাইনাল শেষে এক বড় বিতর্কে জড়িয়ে পড়েন পারেদেস। স্পেনের কাছে পরাজয় নিশ্চিত হওয়ার পর রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের হাতাহাতি শুরু হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, পারেদেস স্প্যানিশ খেলোয়াড়দের ধাক্কা দিচ্ছেন, ঘাড়ে ধরে টানছেন এবং লাথি মারছেন।
ম্যাচ শেষে এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য তৈরি হলেও স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ তাকে কোনো লাল কার্ড দেখাননি। তবে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা বিষয়টি হালকাভাবে নেয়নি। পুরো ঘটনা খতিয়ে দেখতে পারেদেসের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক শৃঙ্খলামূলক তদন্ত শুরু করার কথা নিশ্চিত করেছে ফিফা। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাকে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হতে পারে।
বর্তমানে বিশ্বকাপ মিশন শেষে বর্তমান ক্লাব বোকা জুনিয়ার্সে ফিরে গেছেন পারেদেস। অনুশীলনে যোগ দেওয়ার আগে পরিবারের সঙ্গে কিছুদিন ছুটিতে কাটানোর কথা রয়েছে তার। সামনে ফিফার তদন্তের রায় এবং তার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই এখন আলোচনা তুঙ্গে।

ডেস্ক রিপোর্ট 



















