ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউরোপের আরেক দেশ জার্মানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে রাশিয়া। মস্কোর দাবি, গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির গবেষণা চালাচ্ছে দেশটি। তবে, রাশিয়ার এমন অভিযোগে অস্বীকার করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বার্লিন।
বুধবার (২২ জুলাই) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, জার্মানি গোপনে পারমাণবিক অস্ত্র গবেষণা চালাচ্ছে বলে রাশিয়ার করা অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে বার্লিন। বুধবার এক সংবাদ সম্মেলনে সরকারের উপ-মুখপাত্র স্টেফেন মেয়ার বলেন, ‘জার্মান সরকার এই বিবৃতিকে রাশিয়ার চিরাচরিত প্রচারণার অংশ হিসেবে দেখছে।’
জানা গেছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো মেসেজিং অ্যাপে এই দাবি ছড়িয়েছিল যে জার্মানি পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করছে। এ বিষয়ে স্টেফেন মেয়ার বলেন, ‘রাশিয়া এখানে পারমাণবিক উদ্বেগগুলোকে কাজে লাগাচ্ছে। আর উদ্বেগগুলোকে তারা দায়িত্বজ্ঞানহীন বিবৃতির মাধ্যমে বারবার উস্কে দিচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘প্রথমত, এটি ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা। দ্বিতীয়ত, ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সমর্থক হিসেবে জার্মানিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা এবং তৃতীয়ত, পারমাণবিক অস্ত্র বৃদ্ধির ভয় ছড়ানোর চেষ্টা।’
জার্মানিতে গুরুত্বপূর্ণ আঞ্চলিক নির্বাচনের আগে এটি রাশিয়ার একটি অপতথ্য প্রচারণার অংশ বলেও মন্তব্য করেন মেয়ার। বলেন, জার্মানিকে এই ধরনের অপতথ্য ছড়ানোর মাধ্যমে লক্ষ্যবস্তু করা হচ্ছে, তা সম্ভবত নির্বাচনের আগে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির সাথেও সম্পর্কিত। জার্মানি কোনো জাতীয় পারমাণবিক অস্ত্র গড়ে তুলতে চায় না।’

ডেস্ক রিপোর্ট 



















