হজযাত্রীদের ব্যয় কমাতে আরও উদ্যোগ নিচ্ছে সরকার। বিমান ভাড়া কমানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি হাজিদের আবাসন খরচ কমানোর বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ ও উমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—হাব এই মেলার আয়োজন করে।
প্রতিমন্ত্রী জানান, গত বছর বিমান টিকিটের মূল্য জনপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছিল। আর এ বছর আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের দাম ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি সৌদি বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর কমানোর অনুরোধও সৌদি সরকারের কাছে জানিয়েছে বাংলাদেশ।
তিনি বলেন, সরকার যৌক্তিক খরচে, স্বচ্ছ ও হয়রানিমুক্ত হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা কারসাজি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই হজ ও উমরাহ মেলায় দেশের শীর্ষ হজ এজেন্সিগুলোর বিভিন্ন প্যাকেজ, প্রয়োজনীয় তথ্য, বিশেষজ্ঞদের পরামর্শ এবং নির্বাচিত প্যাকেজে বিশেষ ছাড়ের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

ডেস্ক রিপোর্ট 



















