ভারতের তরুণ প্রজন্মের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল। তিনি বলেছেন, স্বাধীনতার প্রকৃত অর্থ নিজের ইচ্ছেমতো যা খুশি করা নয়। স্বাধীনতার ভুল ব্যাখ্যা থেকে তরুণদের সতর্ক থাকতে হবে এবং দেশের প্রতি দায়িত্ববোধ ও আত্মত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে।
শনিবার (১ আগস্ট) পুনেতে আয়োজিত ‘লোকমান্য তিলক জাতীয় পুরস্কার-২০২৬’ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডোভাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে অবদানের স্বীকৃতিস্বরূপ ডোভালের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
বক্তব্যে ডোভাল বলেন, বর্তমান প্রজন্ম যে স্বাধীনতা ভোগ করছে, তা স্বাধীনতা সংগ্রামের সময়কার বাস্তবতা থেকে সম্পূর্ণ ভিন্ন। লোকমান্য বাল গঙ্গাধর তিলকের জীবন, সংগ্রাম ও আত্মত্যাগ বুঝতে হলে সে সময়ের কঠিন সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।
তিনি বলেন, অনেক তরুণ মনে করেন স্বাধীনতার অর্থ নিজের ইচ্ছামতো সবকিছু করার অধিকার। কিন্তু প্রকৃত স্বাধীনতা দায়িত্ববোধ, আত্মনিয়ন্ত্রণ এবং দেশের প্রতি কর্তব্য পালনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তিলকের আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ডোভাল বলেন, ভারতের যুবসমাজের উচিত রাষ্ট্রগঠনে তার আত্মত্যাগ ও চিন্তাধারাকে ধারণ করা এবং জাতীয় স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া।
ডোভাল আরও বলেন, ভারত বর্তমানে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই সুযোগ কাজে লাগাতে হলে তরুণদের ব্যক্তিগত লাভ-লোকসানের চিন্তা বাদ দিয়ে দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে নিজেদের সম্পূর্ণভাবে নিয়োজিত করতে হবে।
ডোভালের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও তরুণদের বিক্ষোভ দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে জাতীয় পর্যায়ের নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম, প্রশ্নফাঁস এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশ। সেই আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।
তবে ডোভালের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, তার মতে স্বাধীনতা মানে সীমাহীন স্বাধীন আচরণ নয়; বরং দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
সূত্র: এনডিটিভি

ডেস্ক রিপোর্ট 

























