ভারতের তাবেদারি আর নয়, এখন থেকে বাংলাদেশপন্থিরাই দেশ চালাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে ‘জুলাই পদযাত্রা’র চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানবাধিকার লঙ্ঘন করে নির্বিচারে বাঙালিদের গুলি করে হত্যা করছে। সীমান্তে হত্যা ও পুশ-ইন বন্ধে আমরা কঠোর হুঁশিয়ারি দিচ্ছি। এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটি অভ্যুত্থান-পরবর্তী ছাত্র-জনতার বাংলাদেশ। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “শহীদদের আত্মত্যাগ ও জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে এনসিপি। এজন্য জুলাই-আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, “দেশে এখনও ফ্যাসিস্ট ব্যবস্থা বিলুপ্ত হয়নি। নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।”

ডেস্ক রিপোর্ট 






















