সীমান্ত নিরাপত্তায় কোনো ছাড় দেবে না ইরান। তবে চলমান উত্তেজনার মধ্যেও যুদ্ধের পরিধি আর বাড়াতে চায় না তেহরান। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এএফপি জানিয়েছে, পেজেশকিয়ান বলেছেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে শত্রুপক্ষের হস্তক্ষেপ, অনুপ্রবেশ কিংবা দেশকে বিভক্ত করার কোনো সুযোগ থাকবে না। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্য ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য আলোচনা নিয়েও তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। তবে সেই দাবি সরাসরি নাকচ করেছে ইরান।
তেহরানের বক্তব্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার পরিকল্পনা নেই। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের বাস্তব অবস্থা এখনো অস্পষ্ট রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, পেজেশকিয়ানের বক্তব্যে একদিকে সীমান্ত নিরাপত্তায় কঠোর অবস্থানের বার্তা থাকলেও, অন্যদিকে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত না করার ইঙ্গিতও স্পষ্ট হয়েছে।

ডেস্ক রিপোর্ট 




















