বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আদালতে থাকা আইনজীবী, বিচারক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালতের ১০ তলা ভবনের প্রধান ফটকের ঠিক ভেতরে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আদালত প্রাঙ্গণে থাকা লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সিএমএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম জানান, পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভি ফুটেজের মাধ্যমে বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশকে সহযোগিতা করা হচ্ছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম জানান, বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বিস্ফোরিত বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তার জন্য আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























