পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি করেছে ডাকাতরা। এছাড়া তার স্ত্রী রুমা বেগম (৪০) ও পুত্রবধূ রেজবি (১৮)-কে হাত-পা বেঁধে মারধর করা হয়। দুই বছরের শিশু তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে রাখা হয় বলেও অভিযোগ করেছে পরিবারটি।
শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, ডাকাতরা ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে গেছে।
প্রবাসী মাহিনের স্ত্রী রুমা বেগম জানান, তার স্বামী বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার দিকে ৫ থেকে ৬ জনের একটি দল দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে আরও কয়েকজন অবস্থান করছিল।
ঘরে ঢুকেই ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। এ সময় পুত্রবধূ রেজবিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন রুমা। এতে ছেলে নাইম বাধা দিলে তার হাঁটুর ওপর গুলি করে ডাকাতরা।
পরে দুই বছরের শিশু তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নেওয়া হয়। এরপর ডাকাতরা একটি আইফোনসহ লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায় বলে পরিবারের দাবি।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডেস্ক রিপোর্ট 


















