ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় দিল্লির বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর।
সোমবার (২৪ আগস্ট) ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও কোথাও যান চলাচলও ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা।
প্রতিকূল আবহাওয়ার সরাসরি প্রভাব পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ১৫টি ফ্লাইটকে জয়পুর, চণ্ডীগড় ও লখনৌ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সঙ্গম বিহারের কাছে এমবি রোডে পানি জমে যানচলাচল প্রায় থমকে গেছে। বিমানবন্দরমুখী সড়কসহ সাকেত কোর্ট এলাকার সড়কগুলোতেও ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
রোববার দিল্লিতে ভ্যাপসা ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করলেও সোমবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ১৮ থেকে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিল্লির ছতরপুর এলাকায়।
পরিস্থিতির অবনতির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সারা দিন রাজধানীতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
এ ছাড়া পার্শ্ববর্তী গুরুগ্রাম ও ফরিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র: আনন্দবাজার

ডেস্ক রিপোর্ট 



















