স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে গায়ক আসিফ আকবরের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (২৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ আকবরের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
রাশেদ খাঁন লেখেন, আদালতে আসিফ আকবর একসময় মাথার সমস্যার কারণে মদ পান করতে হয় বলে জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার সময় আসিফের ‘মাথা ঠিক ছিল কি না’।
স্ট্যাটাসে তিনি ২০২৬ সালের ২৪ মার্চ লন্ডনে সাকিব আল হাসানের জন্মদিনের অনুষ্ঠানে আসিফ আকবরের উপস্থিতির বিষয়টিও উল্লেখ করেন। এ ঘটনায় সমালোচনার মুখে পড়ার প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন দাবি করেন, পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরেছিলেন আসিফ।
আসিফ আকবরের বক্তব্যের প্রসঙ্গে রাশেদ খাঁন আরও লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আসিফ বিসিবির পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে ওই পদে থাকতে না পারায় তিনি ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফ আকবরের ‘গুম ছিল নাকি লুকিয়ে ছিল, আল্লাহ জানেন’—এমন মন্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক সমালোচনা নিয়ে আপত্তি নেই। তবে গুমের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কটাক্ষ করায় তিনি জবাব দিতে বাধ্য হয়েছেন।
একই সঙ্গে আসিফ আকবরের সঙ্গে নিজের পুরোনো সম্পর্কের কথাও তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি বলেন, ছোটবেলা থেকেই আসিফের গান তার পছন্দের এবং বিএনপির অনেক মানুষও তাকে গায়ক হিসেবে পছন্দ করেন।
তারকাদের সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর পরামর্শ দিয়ে রাশেদ খাঁন বলেন, রাজনীতিতে জড়ালে জনপ্রিয় শিল্পীরাও সাকিব আল হাসানের মতো মানুষের বিরাগভাজন হতে পারেন।
সবশেষে আসিফ আকবরকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘হঠাৎ কেন গায়ক আসিফ আকবর ক্রিকেটার সাকিব আল হাসান হতে চাইলেন?’ পাশাপাশি প্রিয় শিল্পীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 

























