পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সামরিক সহযোগিতা আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও কুয়েত।
শুক্রবার নয়াদিল্লিতে দুই দেশের যৌথ প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া, সামরিক চিকিৎসা, স্টাফ আলোচনা, প্রতিরক্ষা শিল্প এবং গবেষণা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয় উভয় দেশ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুয়েত সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। সেই সমঝোতা বাস্তবায়নে যৌথ প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে দিল্লি।
বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং কুয়েতের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল-সাকরান।
বৈঠকের আগে নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন কুয়েতি প্রতিনিধি দলের প্রধান। পরে তারা ভারতের প্রতিরক্ষা খাতের বিভিন্ন সরকারি সংস্থা পরিদর্শন করেন।
ভারত ও কুয়েতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ১৯৬২ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ঐতিহাসিক বাণিজ্যিক যোগাযোগ, সাংস্কৃতিক সম্পর্ক এবং কুয়েতে বিপুলসংখ্যক ভারতীয়র বসবাস দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

ডেস্ক রিপোর্ট 




















