নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগে অবস্থান নেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে চকবাজারের চক মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন আন্দোলনকারীরা। প্রায় ৪৫ মিনিট পর শাহবাগে পৌঁছে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।
এ সময় নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিনের এ দাবি দ্রুত বাস্তবায়ন করে নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা করতে হবে।
আন্দোলনকারীদের ভাষ্য, নোয়াখালী বিভাগ হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বৃহত্তর এলাকার মানুষ সহজে নাগরিক সেবা পাবেন।
এ আন্দোলনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল হান্নান মাসউদকেও দেখা গেছে।
এদিকে শাহবাগ অবরোধের কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কগুলোতেও এর প্রভাব পড়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। তবে ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 























