ঠাকুরগাঁও শহরের সৌহার্দ ফার্মেসির দোকানে চুরির ঘটনায় সংঘবদ্ধ আন্তঃবিভাগীয় চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সেই সাথে তাদের কাছ থেকে চুরি যাওয়া বিপুল পরিমাণ ওষুধ ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।
তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঠাকুরগাঁও শহরের গোবিন্দ নগর এলাকার সৌহার্দ ফার্মেসি দোকান থেকে বিভিন্ন ধরনের দামি ওষুধ চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। যার আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা।
ঘটনার পর দোকানের মালিক কল্যাণ চন্দ্র দেবনাথ ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশের সমন্বয়ে তদন্তে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়।
পরে বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. রাজু মিয়া (৩২), জাহাঙ্গীর হোসেন (৩০) ও মো. বিল্লাল হোসেন (৫৫)-কে গ্রেপ্তার করা হয়। সেই সাথে চুরির কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানায়, চুরি করা ওষুধ তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জের ব্যবসায়ী শিখর চন্দ্র সরকারের (৩০) কাছে বিক্রি করে। পরে তার দোকান ও বসতবাড়িতে অভিযান চালিয়ে বাদীর শনাক্ত করা বিপুল পরিমাণ চুরি যাওয়া ওষুধ উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের আন্তঃভিভাগিও সংঘবদ্ধ চোর চক্রের সদস্য হিসেবে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি 






















