অতীতের বিষয়গুলো পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ। বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বরাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করে। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে বক্তব্য দেন তিনি।
স্পিকার বলেন, দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করা সম্ভব। এ জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো জরুরি।
তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও লাহোরের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর এবং ব্যবসায়ী-ব্যবসায়ী বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।
পাকিস্তান সফরকে স্মরণীয় অভিজ্ঞতা উল্লেখ করে দেশটির নেতৃত্বের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার প্রশংসা করেন স্পিকার।
অনুষ্ঠানে এলসিসিআইয়ের সভাপতি আলী হুসাম আসগর বাংলাদেশের শিল্পোন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেন। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে পাকিস্তান উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় এলসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারদার উসমান ঘানি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এ সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খানসহ দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান।
দীর্ঘদিনের ঐতিহাসিক প্রেক্ষাপট পেছনে রেখে বাণিজ্য ও বিনিয়োগকে সামনে রেখে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরির বার্তাই উঠে এসেছে স্পিকারের এই সফরে।

