সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশু সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক বাবা। এতে তিন শিশুরই মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিন শিশু হলো—উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের সরফত আলীর মেয়ে মাওয়া আক্তার, বয়স ১০ বছর; তামিম মিয়া, ৭ বছর এবং শামীম মিয়া, ২ বছর।

শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় সরফত আলী তার তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের একটি হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। আর বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। নিহত শিশুদের মা বিদেশে থাকেন।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।