ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে আঘাত হেনেছে ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি শহরের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা এ ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপলসের পশ্চিমে ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায়, ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে। ফলে কম্পনের তীব্রতা অনেক বেশি অনুভূত হয়। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানিয়েছে, অগভীর উৎসস্থল হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।
ভূমিকম্পের পর নেপলসের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ট্রেন ও মেট্রো চলাচল ব্যাহত হয় এবং বেশ কয়েকটি ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে নেপলস ফায়ার সার্ভিস। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ইতালির সংবাদমাধ্যম বলছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি নেপলসে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।
উল্লেখ্য, ইতালিতে বড় ধরনের ভূমিকম্প খুব ঘনঘন না হলেও অতীতে ভয়াবহ ভূমিকম্পের নজির রয়েছে। ১৯৮০ সালের শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়। আর ২০১৬ সালের ভূমিকম্পে প্রাণ হারান প্রায় ৩০০ জন।
সূত্র: রয়টার্স

ডেস্ক রিপোর্ট 





















