ইরানের প্রতিশোধমূলক হামলায় এক হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি।
সোমবার (৩১ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শেখারচি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানে হামলার পর পাল্টা সামরিক অভিযান চালায় তেহরান। এসব হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনা, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান ও গোয়েন্দা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এতে এক হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েক হাজার সামরিক সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
ইরানের এই সামরিক মুখপাত্র আরও দাবি করেন, জুলাইয়ে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব হামলায় যুক্তরাষ্ট্রের শত শত সেনা নিহত এবং হাজার হাজার সেনা আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
সামরিক হতাহতের প্রকৃত তথ্য গোপন করার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেন শেখারচি। তার দাবি, অতীতেও আফগানিস্তান ও ইরাক যুদ্ধে মার্কিন বাহিনীর হতাহতের তথ্য প্রকাশে বিলম্ব করা হয়েছিল।
তিনি আরও বলেন, ইরানের সামরিক অভিযানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে প্রচলিত ধারণায় পরিবর্তন এসেছে। এমনকি যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশও এখন ওয়াশিংটনের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে বলে দাবি করেন তিনি।
হরমুজ প্রণালী নিয়েও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন শেখারচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার যেকোনো চেষ্টা সফল হবে না। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
পশ্চিম এশিয়া থেকে মার্কিন বাহিনী সরিয়ে দেওয়ার বিষয়ে তেহরান দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান ইরানের এই মুখপাত্র। একই সঙ্গে হামলায় নিহত ইরানি নাগরিক ও সামরিক সদস্যদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
শেখারচি বলেন, প্রতিশোধের প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগতে পারে। তবে ইরান তার অঙ্গীকার বাস্তবায়ন করবে।
তবে ইরানের এসব দাবির বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 




















