সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে উন্নত বাংকার ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র (বাংকার বাস্টার) তৈরি করছে ভারত। অগ্নি-৫ নামের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (ICBM)-এর দুটি সংস্করণ বর্তমানে প্রস্তুত হচ্ছে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এই মিসাইল নির্মাণের কাজ করছে।

প্রথম সংস্করণটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে প্রায় ৭,৫০০ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এবং মাটির ৮০-১০০ মিটার গভীরে গিয়ে কংক্রিট ভেদ করে টার্গেট ধ্বংস করতে পারে। এটি সুপারসনিক গতিতে চলাচল করে, অর্থাৎ শব্দের চেয়েও দ্রুত।

দ্বিতীয় সংস্করণটি আরও উন্নত ও শক্তিশালী। এটি ৫,০০০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

এই ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত GBU-57 বাংকার বাস্টার বোমা-র সমতুল্য শক্তিশালী বলা হচ্ছে। সম্প্রতি ইরানে পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র এই বোমা ব্যবহার করেছিল।

ভারতের সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, অগ্নি-৫ একটি ডেটারেন্ট অস্ত্র, যা ভারতের সামরিক শক্তিকে ব্যাপকভাবে বাড়াবে। এটি মাটির গভীরে ঢুকে একাধিক স্তরে বিস্ফোরণের মাধ্যমে টার্গেটে ভয়াবহ ধ্বংস সাধন করতে সক্ষম। নির্দিষ্ট কোণে আঘাত করতে পারলে এর কার্যকারিতা আরও মারাত্মক হয়।