ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান স্থগিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম কান জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আইডিএফ-কে হামলা স্থগিতের নির্দেশ দেন। পরে আইডিএফ তা কার্যকর করে।
অন্যদিকে, সামরিক সংবাদমাধ্যম আর্মি রেডিও জানায়, অভিযান পুরোপুরি বন্ধ না হলেও সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। বর্তমানে বোমাবর্ষণ ও গোলাগুলি বন্ধ থাকলেও টহল ও অবস্থান কার্যক্রম চালু রয়েছে।
এর আগে ট্রাম্প গাজা সংকট নিরসনে ২০ দফা সম্বলিত একটি শান্তি পরিকল্পনা প্রকাশ করেছিলেন। প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও, প্রথমে হামাস কোনো সাড়া দেয়নি। তবে ট্রাম্পের আল্টিমেটামের কয়েক ঘণ্টার মধ্যেই হামাস জানায়, তারা পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে রাজি আছে।
হামাসের এই সম্মতির পরই ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। এর পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, গাজায় যুদ্ধাবসান প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সর্বাত্মক সহযোগিতা করবে ইসরায়েল।

