ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টানা ৪১ দিন মসজিদে তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৭ জন কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার আকছিনা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড শাখা এবং স্থানীয় ব্যবসায়ী আবদুস ছাত্তারের যৌথ উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় আরও ৩৫ জন নিয়মিত নামাজে অংশগ্রহণকারী শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্যোক্তা আবদুস ছাত্তার বলেন, “কিশোরদের মসজিদমুখী করতেই এ আয়োজন। আমি বিশ্বাস করি, তারা নিয়মিত নামাজে অভ্যস্ত হলে ভবিষ্যতেও এই আমল ধরে রাখবে। এতে আমিও সাওয়াবের অংশীদার হতে পারব।” তিনি সকলকে ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, কসবা উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন, সেক্রেটারি গোলাম সারোয়ার, স্থানীয় জামায়াত নেতা মো. সালাউদ্দিন ও আজগর ডিলারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ গ্রামের তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ধর্মীয় অনুশীলন বাড়াবে।

