চার দশক ইসরায়েলের কারাগারে কাটানোর পর মুক্তি পাওয়া ফিলিস্তিনি নেতা ও সাবেক বন্দি মাহের আবদুল লতিফ ইউনিস আর নেই। রোববার ভোরে ৬৮ বছর বয়সে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে ফিলিস্তিনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ফিলিস্তিনি বন্দি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ মাহের ইউনিসকে দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় কারাবন্দি থাকা ব্যক্তিদের একজন হিসেবে বিবেচনা করা হয়। মাত্র ২৫ বছর বয়সে গ্রেপ্তার হওয়ার পর তিনি টানা ৪০ বছর ইসরায়েলের কারাগারে ছিলেন। অবশেষে ২০২৩ সালের ১৯ জানুয়ারি মুক্তি পান তিনি।
১৯৮৩ সালে ফাতাহ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে অংশ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। শুরুতে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর ২০১২ সালে সেই সাজা কমিয়ে ৪০ বছরের নির্দিষ্ট কারাদণ্ডে রূপান্তর করা হয়।
দীর্ঘ বন্দিজীবনে ব্যক্তিগতভাবেও একাধিক শোকের মুখোমুখি হন মাহের ইউনিস। কারাগারে থাকাকালীন ২০০৮ সালে তার বাবা মারা যান। তার বাবাও একসময় ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন।
রোববার জোহরের নামাজের পর নিজ শহর আর’আরায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চার দশকের বন্দিজীবন মাহের ইউনিসকে শুধু একজন সাবেক বন্দি নয়, বরং ফিলিস্তিনি বন্দিদের অধিকার ও সংগ্রামের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার মৃত্যু সেই দীর্ঘ সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছেন অনেক ফিলিস্তিনি।

ডেস্ক রিপোর্ট 






















